Wednesday, July 1, 2026

ছোট্ট প্রশ্ন

 প্রভু, বড় মন চাইছে,

একটি প্রশ্ন করি তোমায়

এই অবেলায়

তুরাগ নদীর তীরে

সন্ধেবেলায়

তুলসী তলায়।


যখন একটা পুরো নগর

জনপ্রান্তর, পথঘাট

মসজিদ, গির্জা, মন্দির

সব মিলেমিশে

অবশেষে, নিঃশেষে

এক দেশ, গোটা দেশ

হয়ে ওঠে জাহান্নাম,

জ্বলন্ত আগ্নেয়গিরি,

তখন কোথায় আশ্রয় দাও,

কোথায় লুকিয়ে রাখ

তোমার সুসন্তানদের?

যাদের তুমি ভালবাস,

যাদের জন্য করেছ

অঙ্গীকার

বেহেস্তের নহর ধারা

অমিয় সুধা?


আমি চাই না, চাই না, চাই না

তোমার শান্তির স্বর্গ।

তুমি হাত পেতে

নিয়েছ যে অর্ঘ

তারই বিনিময়ে

আমি চাইছি

তোমার কাছে প্রভু,

একমুঠো অন্ন

একটুকরো রুটি,

হল যে অনাথ,

সেই শিশুটির জন্য।

সেকি এতই বড় চাওয়া?


স্বর্গ, মর্ত্য, পাতাল

সৃষ্টিকারী,

হে মহাবিক্রম-শালি

রাজাধিরাজ,

দিনান্তের অস্ত সুর্য

ঢলে ঐ তুরাগের বুকে

পাব কি জবাব?

যে শিশু ভূমিষ্ঠ

হল আজ রাতে

নির্মল, নিষ্পাপ

এল তোমারি

বেহেস্তি নুরে সিক্ত হয়ে

কেন তার হবে

অন্নের অভাব

তোমারি ভুবনে?



No comments:

Post a Comment